
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পশ্চিম লাখেরপার যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় পশ্চিম লাখেরপার মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন যুব সমাজের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম লাখেরপার মসজিদ কমিটির সাবেক সভাপতি আখলাস মিয়া, বর্তমান সহ-সভাপতি ইসমাইল আলী, কোষাধ্যক্ষ হেলাল মিয়া, সদস্য আজির উদ্দিন এবং যুব সমাজের ইসমাইল হোসেন, ইমরান সাব্বির, সাকিব আহমেদ, আজমল হোসেন মাজিদ ও সাব্বির আহমেদ।
মসজিদ কমিটির বর্তমান সহ-সভাপতি ইসমাইল আলী যুব সমাজের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজের এমন সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Reporter Name 

















