
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বানিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আজ ৮ সেপ্টেম্বর
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজন ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেন সাদিয়া। দীর্ঘদিন পার হলেও ফ্যামিলি কার্ড না পেয়ে ভুক্তভোগী ও স্থানীয় জনতা তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয় জনতা ওই নারীকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে এনসিপি জেলা শাখার কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি।
Reporter Name 















