
বিয়ানীবাজার প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে এবং সবুজ বিপ্লব গড়ে তোলার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মোল্লা, অভিভাবক সদস্য জনাব আহাদুজ্জামান মামুন, সিনিয়র শিক্ষক জনাব মাহবুবুর রহমান চৌধুরী, শিক্ষক জনাব এমদাদুল হক তরুণসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সবুজায়ন কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
Reporter Name 


















