
পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থানের জমি ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। আজ ১৪ই আগস্ট
শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় উপজেলার রংছাতী ইউনিয়নের আমঘড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমি ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই সাথে উভয় গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই কবরস্থানেই দাফন-কাফন সম্পন্ন করে আসছিলেন। সম্প্রতি কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ নানা বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর জেরে শুক্রবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের অন্তত ৫৬ জন আহত হন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, দুপুর ১. ৩০ পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবরস্থানের জমি নিয়ে পূর্ববিরোধের জেরেই এ সংঘাতের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Reporter Name 

















