
রুবেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে আসন্ন ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
সভায় আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি সুশৃঙ্খল, সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী দিবস দুটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। ২৫ মার্চের কালরাত্রির কথা স্মরণ করে তিনি বলেন, “২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর অধ্যায়, যা ‘গণহত্যা দিবস’ হিসেবে পরিচিত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল।”
পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সভায় উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয় এবং অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও।
প্রস্তুতিমূলক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোলেমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম আহমদ, নির্বাহী সদস্য সাকিব আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এছাড়াও সভায় গোয়াইনঘাট জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী, পিআইও বাধন কান্তি, উপজেলা মহিলা অফিস সহকারী শামিম আহমদ-সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 
















