
প্রতিনিধি: সাকিব আহমেদ
গোয়াইনঘাট (সিলেট)
ঈদের আনন্দ ভাগাভাগি এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে সিলেটের গোয়াইনঘাটে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী ও উপহার বিতরণ অনুষ্ঠান। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগ ও অর্থায়নে শনিবার (২৮ মার্চ) বিকেলে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রী, ত্রাণ বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদানসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে মুস্তাফিজুর রহমান কাওছার সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। স্থানীয়দের মতে, ভোগে নয়—ত্যাগেই তিনি খুঁজে পান প্রকৃত সুখ।
অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সার্বিক তত্ত্বাবধানে এবং তাঁতীদলের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় ও জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিলাল, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা বিশেষভাবে ধন্যবাদ জানান এই আয়োজনের উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান কাওছার এবং সহযোগী মোহাম্মদ আব্দুল খালিকসহ সংশ্লিষ্ট সকলকে। পাশাপাশি তারা দোয়া করেন—আল্লাহ যেন তাদের এই নেক নিয়ত কবুল করেন এবং মানবকল্যাণে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার তাওফিক দান করেন।
স্থানীয় উপকারভোগীরা বলেন, মুস্তাফিজুর রহমান কাওছার তাদের দুঃখ-কষ্ট উপলব্ধি করে আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন। তাদের ভাষায়, তিনি যেন একজন মানবিক মানুষ হিসেবে সবসময় অসহায়দের সহায়তায় এগিয়ে আসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
Reporter Name 









