
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী, মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে এবং তাঁর মামা, পশ্চিম জাফলং ইউনিয়নের বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা তাঁতী দলের আয়োজনে এসব ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং লোকমান আহমদের যৌথ সঞ্চালনায় আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রবাসীরা অত্যন্ত সুসংগঠিত এবং তাদের মন অনেক বড়। এই উদার মনের প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত থাকেন। জন্মভূমির মানুষের যে কোনো দুর্যোগ ও দুর্দিনে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। তাই তাদের এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগকে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী ও সদস্য শামীম আহমদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান কাওছার সমাজের ছিন্নমূল, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামাজিক ও মানবিক কার্যক্রমে তাঁর আগ্রহ প্রশংসনীয়। তারা আরও বলেন, এ ধরনের সমাজসেবামূলক মানসিকতার মানুষ জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের কল্যাণ সাধিত হবে।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
Reporter Name 
















