
মোঃ আতিকুর রহমান ইলিয়স
নারায়ণগঞ্জ সদর প্রতিনধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মুসলিমপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রাশেদ উল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. আব্দুন নূর সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মারুফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, শাড়ি ও লুঙ্গীসহ বিভিন্ন ঈদ উপহার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় মুসলিমপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 
















