ডেস্ক রিপোর্ট :
সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর এলাকায় সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের কথিত ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করা এক ব্যক্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (তারিখ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন— সিলেটের মোগলাবাজারের গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমেদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ তালুকদার নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।
পরবর্তীতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা কয়েছ আহমেদ তালুকদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।