
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি দখল, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ (দিঘীরপাড়) গ্রামের বাসিন্দা আরিফ উদ্দিন (৩০) গত ১৮ মার্চ ২০২৬ তারিখে গোয়াইনঘাট থানায় এ অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি তার মালিকানাধীন বাগান ও চাষকৃত জমিতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক প্রবেশ করে ক্ষয়ক্ষতি করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রায় ২০-২৫ জন লোক নিয়ে তার জমিতে প্রবেশ করে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল নষ্ট করে এবং গাছপালা কেটে ফেলে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
আরিফ উদ্দিন জানান, বিবাদীরা তার বাগানের মিষ্টি কুমড়া জোরপূর্বক তুলে নিয়ে যান, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়াও গরু-মহিষ দিয়ে ফসল নষ্ট করিয়ে আরও প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, পূর্বে বাধা দিতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
Reporter Name 


















