নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল এলাকায় গৃহপালিত গবাদিপশুর ওপর এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ার অভিযোগে একটি গরুর পা কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক হিফজুর রহমান (২৫)-এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাতিরখাল এলাকার একটি ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে একটি গৃহপালিত গরু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিফজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে আঘাত করে। এতে গরুটির একটি পা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পশুটি গুরুতরভাবে আহত হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, একটি নিরীহ গৃহপালিত পশুর ওপর এ ধরনের নির্মম আচরণ মানবিকতা ও আইনের পরিপন্থী। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গবাদিপশু কৃষিজমিতে ঢুকে পড়লে তা মালিককে জানানো বা অন্যভাবে সমাধান করা যেত। কিন্তু পশুটির ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “গৃহপালিত পশুর ওপর আঘাত করা একটি মারাত্মক ও নিন্দনীয় অপরাধ। আমরা চাই দ্রুত অভিযুক্ত হিফজুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”